সন্দ্বীপে ৭ জলদস্যু আটক, ৪৭ লাখ টাকার লুট করা জাল উদ্ধার

সন্দ্বীপে ডাকাতির চারদিন পর সাত জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ফিশিং বোটসহ প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকার লুট হওয়া সুতার জাল, ডিজেল, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সন্দ্বীপ থানার চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, গত ৯ জুলাই বিকেল ৩টায় সন্দ্বীপের দক্ষিণ উপকূলে একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।

তিনি জানান, তথ্য-উপাত্তের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত একটি ফিশিং বোটসহ সাত জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৯ জুলাইয়ের ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানে জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে লুট হওয়া ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া আলামত ও মালামাল যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এএইচ/ডিজে

ksrm