চট্টগ্রামের সন্দ্বীপে আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণী, কৃতিশিক্ষার্থী ও সফল অভিভাবক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও অষ্টম শ্রেণির ১০০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
শনিবার (৩১ মে) কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. শফিক আলম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সারিকাইত ইউনিয়নের অবহেলিত স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারকাজে সহায়তার ঘোষণা দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব মো. আলমগীর হোসাইন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সারিকাইত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী মো. হানিফ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মো. হানিফ, কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র সন্দ্বীপ শাখার ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আলমগীর এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ আরমান, সহকারী পরিচালক মো. শোয়াইব, আব্দুর রহমান ইমন, বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মান্নান, কেন্দ্র সচিব প্রভাষক কাজী মাহবুবুর রহিম, আহ্বায়ক ইউসুপ আলী মামুন এবং নাসির পনিরসহ স্থানীয় ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে মেধাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয় এবং সফল অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়।




