সড়কের এক পাশে মৌসুমি ফল আনারসের স্তূপ, অন্য পাশে বাহারি পণ্যের ভাসমান বাজার—দখলে পড়ে গেছে রাস্তা ও ফুটপাত। এতে একদিকে যানচলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। এ অবস্থায় হঠাৎ হাজির হন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আর তাকে দেখেই পণ্য ফেলে পালিয়ে যান দোকানিরা।
রোববার (১ ফেব্রুয়ারি) নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা রিয়াজউদ্দিন বাজারের স্টেশন রোডে এমন চিত্র দেখা গেছে।
পরিদর্শনের সময় মেয়র ডা. শাহাদাত বলেন, ব্যবসায়ীদের অসচেতনতার কারণে স্টেশন রোড এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত সড়ক কোনোভাবেই দোকানের মালামাল রাখার স্থান হতে পারে না।
তিনি আরও বলেন, সড়ক জনগণের সম্পদ। কেউ ব্যক্তিগত স্বার্থে সড়ক দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান মেয়র।
এ সময় তিনি ব্যবসায়ী ও ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগরের শৃঙ্খলা ও স্বাভাবিক গাড়ি চলাচল নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এএইচ/ডিজে




