ষোলশহরে পুলিশ বক্সে বিস্ফোরণ, নাশকতার সন্দেহ পুলিশের

0

চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সিএমপির ট্রাফিক বিভাগের পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা নাশকতা বলে সন্দেহ পুলিশের। হঠাৎ এ বিস্ফোরণের ঘটনায় নগরীর ব্যস্ততম মোড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ নিশ্চিত করে বলতে না পারলেও নাশকতার অংশ হিসেবে উল্লেখ করেছেন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম। এ ঘটনায় সার্জেন্ট আরাফাত, এএসআই আতাউল গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত ঢাকায় পাঠানো হচ্ছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় হঠাৎ বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশ বক্সের ভেতরের অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী অহিদ বিন ইউনুছ নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‌‘হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ বক্সের ভেতর আগুনও দেখা যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পারছি না। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে দিয়েছে।’

সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঘটনাস্থলে কিছু ব্যায়ারিং ও লোহার অংশ বিশেষ পাওয়া গেছে। সেখানে কাউন্টার ট্যারিজম ইউনিটের বোমা বিশেষজ্ঞরা কাজ করছে। এখান থেকে পরীক্ষার জন্য আলামত ঢাকায় পাঠানো হচ্ছে।

এএস/এএইচ

ksrm