শাহজাহান চৌধুরীর সংসদীয় ভাষণ সংকলনের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে রবিবার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর অষ্টম জাতীয় সংসদে প্রদত্ত ভাষণের ওপর প্রকাশিত বিশেষ সংকলন ‘সংসদীয় ভাষণ’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক বলেন, শাহজাহান চৌধুরী চট্টগ্রামের নানা সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরেছেন।

এমএ মালেক বলেন, অতীতে চট্টগ্রাম থেকে নির্বাচিত অনেক নেতা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ হলেও নির্বাচনের পর তাঁদের উপস্থিতি চট্টগ্রামে সীমিত ছিল। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শাহজাহান চৌধুরী যেন চট্টগ্রামের নেতা হিসেবেই নিজেকে গড়ে তোলেন এবং চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আরও বেশি ভাবেন ও কাজ করেন।

তিনি আরও বলেন, শাহজাহান চৌধুরী একজন আদর্শবাদী নেতা, এবং তার সংসদে দেওয়া বক্তব্য বই আকারে প্রকাশিত হওয়ায় আগামী প্রজন্ম জানতে পারবে তিনি কী বলেছিলেন। ‘জানার কোনো শেষ নেই, যত বেশি পড়া হবে, তত বেশি জানা যাবে। একটি ভালো বই একজন বন্ধুর মতো, আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান,’ তিনি যোগ করেন।

প্রধান অতিথির পর বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, তিনি আজীবন চট্টগ্রামের মানুষের সঙ্গেই থাকতে চান। চট্টগ্রামের বাইরে তাঁর কোনো ঠিকানা নেই। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও চট্টগ্রামের বাইরে অবস্থান করবেন না এবং চট্টগ্রামের মানুষের জন্য কাজ করে যাবেন। তিনি উল্লেখ করেন, সংসদে তিনি শুধু নিজ নির্বাচনী এলাকা নয়, বরং চট্টগ্রামের বড় সমস্যা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও কথা বলেছেন, যা সংকলনে স্থান পেয়েছে।

সভায় বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও পরিবেশবিজ্ঞানী নজরুল ইসলাম বলেন, শাহজাহান চৌধুরী যেভাবে বাংলাদেশ ও নিজ এলাকার মানুষের জন্য কাজ করছেন, তা প্রশংসনীয়। তিনি পায়ে হেঁটে এলাকাভিত্তিক সমস্যা বোঝার চেষ্টা করেন এবং উন্নয়নের জন্য কাজ করেন। আন্তর্জাতিক বিষয়েও তার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ; ফিলিস্তিন, কাশ্মীরসহ বিভিন্ন ইস্যুতে সংসদে তিনি যে বক্তব্য রেখেছেন, তা শিক্ষণীয়। নজরুল ইসলাম যোগ করেন, ভিন্নমত থাকলেও চট্টগ্রামের উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতির স্মরণে জুলাই বিপ্লবের শহীদ ফারুক হোসেন, ফয়সাল আহমেদ শান্ত, হৃদয় তরুয়া, শহীদ তানভিরসহ সারাদেশের দুই হাজার শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাফহীম পাবলিকেশনের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ আবু সুফিয়ান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

ksrm