শারজাহফেরত ৩ যাত্রীর ব্যাগেজে মিললো ৩৩ লাখ টাকার সিগারেট, মালিকবিহীন ছিল ৬৯৬ কার্টন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এর মধ্যে মালিকবিহীন সিগারেট ছিল ৬৯৬ কার্টন। এগুলোর বাজার মূল্য ৩৩ লাখ টাকা।

রোববার (৩১ মে) রাতে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের তিন যাত্রীদের ব্যাগেজ ও লাগেজ বেল্টে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

তিন যাত্রী হলেন–লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ দল আন্তর্জাতিক আগমন হলের ৩ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি-৯৫২০-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ১ হাজার ২ কার্টন সিগারেট জব্দ করা হয়। এছাড়া একইসঙ্গে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় থাকা আরও ৬৯৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

জব্দ করা সিগারেটগুলোর মধ্যে মন্ড ও ম্যানচেস্টার ব্র্যান্ডের সিগারেট ছিল। সব মিলিয়ে উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ ১ হাজার ৬৯৮ কার্টন।

আরও জানা গেছে, উদ্ধার করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

ডিজে

ksrm