ক্লাস শেষে শাটল ট্রেনে ওঠার অপেক্ষায় থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক দোকান কর্মচারীর বিরুদ্ধে। ঘটনার পর সহপাঠীরা অভিযুক্তকে ওই খাবার দোকানের কর্মচারীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে তাকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. শাহিন শেখ (২৫)। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানে কর্মরত আছেন তিনি।
পরে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হলে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় পাঠানো হয়। একই রাতে ভুক্তভোগী ছাত্রী রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে থানার সঙ্গে আলোচনা করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
টিএ/ডিজে




