চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট মনোনীত প্রার্থীর সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়া ও খালেদার বিএনপি আর নেই। বিএনপিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নির্যাতনের রাজনীতির কারণে জনগণ প্রত্যাখ্যান করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে পটিয়া পৌর সদরের বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আহসান উল্লাহ।
অধ্যক্ষ আহসান উল্লাহ বলেন, শিক্ষিত জনগোষ্ঠী, অর্থনৈতিক সক্ষমতা ও ব্যবসায়িক সম্ভাবনা থাকা সত্ত্বেও পটিয়াকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে বাস্তবভিত্তিক ও টেকসই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জামায়াতে ইসলামী একটি মানবিক, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রস্তুত করেছে।আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যেই ১১ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্য ইস্পাতের চেয়েও শক্ত হবে।
পটিয়া উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং কালারপোল থানা জামায়াতের আমীর মাস্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মো. ইছহাক।
বক্তব্য রাখেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী, মহানগর ব্যবসায়ী থানা জামায়াতের আমীর শাহজাহান মহিউদ্দীন, পটিয়া পৌরসভা শিবিরের সভাপতি মাহবুব উল্লাহ, পটিয়া সরকারি কলেজ শিবিরের সভাপতি আবুল হাসনাত মো. জুবাইরসহ জোট নেতৃবৃন্দ।
জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম বলেন, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ পটিয়া গড়ে তুলব। পটিয়ার দীর্ঘদিনের সমস্যাগুলো আমাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। জামায়াতে ইসলামী কখনও মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করে না। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত পটিয়া গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী বলেন, ১১ দলীয় ঐক্যই পারে দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। এই ঐক্য জনগণের প্রত্যাশার প্রতিফলন—এটি ভাঙা যাবে না। পটিয়াকে সন্ত্রাস ও দখলবাজদের হাত থেকে রক্ষায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এএইচ/ডিজে




