শঙ্খ নদী পেরিয়ে দুর্গম নোয়াপতং মূখপাড়ায় কৃষকদের পাশে আরএফপি

বন্যায় ফসল ও বীজতলা হারিয়ে নতুন করে চাষাবাদ নিয়ে দিশেহারা বান্দরবানের কৃষকেরা। এমন পরিস্থিতিতে বান্দরবান সদর ইউনিয়নের দুর্গম নোয়াপতং মূখপাড়ার ২২ কৃষক পরিবারের হাতে শস্যবীজ ও সার তুলে দিয়েছে রিলিজিয়নস ফর পিস (আরএফপি)। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদগুলোর একটি বান্দরবান। চলতি বর্ষা মৌসুমে জেলার প্রায় সব উপজেলার কৃষকেরা ফসল, বীজ ও বীজতলা হারিয়েছেন। নতুন করে বীজ কিনে চাষাবাদ করার সামর্থ্য না থাকায় অনেক দরিদ্র কৃষিনির্ভর পরিবার সংকটে পড়েছে। এমন ২২টি পরিবারের হাতে প্রয়োজনীয় সার ও বীজ দিয়েছে আরএফপি।

নোয়াপতং মূখপাড়া বান্দরবান সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও সেখানে পৌঁছানো সহজ নয়। প্রায় এক ঘণ্টা ইঞ্জিনচালিত নৌকায় শঙ্খ নদী পাড়ি দিয়ে, পরে কিছুটা দুর্গম পথ পেরিয়ে গ্রামটিতে যেতে হয়।

বীজ ও সার বিতরণের সময় উপস্থিত ছিলেন আরএফপি বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাছুম আহমেদ, অর্থ সম্পাদক ও কাফকোর প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের, নির্বাহী সদস্য কোকো ওয়াই মারমা, শান্তিকর্মী মেজর (অব.) ওয়াং টিং মারমা, আরএফপি বান্দরবানের চিংথোয়াই মারমা, নোয়াপতং মূখপাড়া কারবারী মং ছোহ্রী মারমা এবং পাড়ার প্রতিনিধি চনুমং মারমা প্রমুখ।

ksrm