ভিডিও/ লোহা বেচে জোগাড় হল রেল কর্তাদের পিকনিকের টাকা
পাচারের মালামালসহ জব্দ গাড়ি ছেড়ে দিল আরএনবি
টিনের আড়ালে লোহা বিক্রি করে চট্টগ্রামে রেল কর্মকর্তাদের পিকনিকের ঘাটতি ৭৬ হাজার টাকা জোগাড় করা হল। পাচারকাণ্ড। চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চল জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে ঘটা এই কাণ্ড স্বীকার করেছেন প্রধান সহকারী (সরঞ্জাম) বেদার উদ্দিন নিজেও।
এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মালসহ গাড়ি আটক করেও বিশেষ সুবিধা নিয়ে তা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জানুয়ারি) পাহাড়তলী জেলা সরঞ্জাম নিয়ন্ত্রণাধীন পুরাতন সেল ডিপো থেকে ৬০ জনের নামে ভূয়া স্লিপে ৬ টন টিনের ভেতরে লোহা পাচারের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এসে মালসহ একটি পিক আপ (ঢাকা মেট্রো অ ১১-২৭২৭) আটক করে।
সূত্রমতে, সরঞ্জাম কর্মকর্তা পলাশ কুমার সাহার নির্দেশে শনিবার ৬০ জন কর্মচারীর নামে মিথ্যা তথ্য দিয়ে ৬ টন মালামাল একসাথে বের করে নিয়ে যান প্রধান সহকারী বেদার উদ্দিন। প্রথম চালানে গাড়ির ভিতর লোহা ঢুকিয়ে ওপরে টিন দিয়ে পাচার করেন ডিপোর দায়িত্বে থাকা অধিরক্ষক গোলাম রব্বানী।
বেদার উদ্দিন জানান, ২৪ ডিসেম্বর অনুষ্ঠানে ৭৬ হাজার টাকা ঘাটতি মেটাতে ৬ টন টিন বের করা হয়েছিল।
এ নিয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই অমিতের সাথে অশোভন আচরণের বিষয়টি উর্ধতন মহলে জানালে কাগজপত্র চেক করে দেখতে পায় ৬০টি স্লিপের পরিবর্তে সেখানে ৮৭টি স্লিপ। ঘটনাস্থল থেকে একটি পিকআপ আটক করে স্থানীয় খুলশী থানা ফাঁড়িতে নিয়ে গেলেও কোনো মালামাল জব্দ দেখায়নি রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
নির্ভরযোগ্য সূত্র মতে, আপোষ রফায় দ্রত আটক করা গাড়ি ছেড়ে দেয় বাহিনী। ভিডিও চিত্রে ও ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়িসহ মাল আটকের প্রমাণ মিলে। মিথ্যা ঘোষণা পত্র দিয়ে সরকারি মাল পাচারে সম্মতির বিষয়ে পাহাড়তলী জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক পলাশ কুমার সাহাকে (ডিসিওএস) মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
গত ৫ জানুয়ারি পাহাড়তলী ওয়ার্কসপ থেকে টিন পাচার করে নিরাপত্তা বাহিনীর সিআই রেদোয়ানুর রহমান। ওই বিষয়ে জুনিয়রকে দিয়ে সিনিয়র সিআই তদন্ত করা হয়, যা আইনবহির্ভূত। অবাক করার বিষয় হলো, উক্ত সিআই রেদোয়ানুর রহমানকে শাস্তির পরিবর্তে পুরস্কার দেয় নিরাপত্তা বাহিনী এবং তার বদলীতে স্বাক্ষর করেন রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসাইন।
অন্যদিকে ডিপোর দায়িত্বে থাকা অধিরক্ষক গোলাম রব্বানীর বিরুদ্ধে মাল পাচারের অভিযোগ প্রমাণিত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সরকারি মালামাল পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অতিরিক্ত দায়িত্ব পালনরত প্রধান জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ আহম্মেদ আগামীকাল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসাইন এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্হা গ্রহণের কথা জানান চট্টগ্রাম প্রতিদিনকে।
কেএস




