চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া ৪ নম্বর ওয়ার্ডের দারুল কোরআন ইবতেদায়ী মাদরাসা গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সুরাইম (৬) চুনতি নলবনিয়া ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বেলালের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদরাসা গেটের সামনে মহাসড়ক পার হচ্ছিল সুরাইম। এ সময় চট্টগ্রামমুখী ‘হানিফ পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৪-২৯৭১) নামের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুরাইমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনার বিষয়ে তারা আগে কোনো খবর পাননি। সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ




