লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন যাত্রী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোণারপাড়া জমিদার বাড়ির মাওলানা আরিফুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের অপর একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পথচারী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এএইচ

ksrm