চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক শ্রবণ ও বাক-প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শাহাব উদ্দিন (৩৫)। তিনি ওই এলাকার আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। দুপুরে রেললাইনে অবস্থান করার সময় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি শাহাব উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন বলেন, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হলেও শাহাব উদ্দিন কখনো কারও কাছে হাত পাততেন না। নিজের শ্রমে উপার্জন করে পরিবারের দায়িত্ব পালন করতেন। স্বজনদের কাছে তিনি ছিলেন পরিবারের একমাত্র ভরসা।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই। তবে দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে দুর্ঘটনার বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এএইচ




