বান্দরবানের লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সোহান আল মাফির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন তিনি। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে তলিয়ে যান।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গভীর অনুসন্ধানের পর লাশ উদ্ধার করে। ঘটনাস্থলেই পানির অন্তত ৪০ হাত গভীরে, নদীর তলদেশে তার মরদেহ পাওয়া যায়।
ঢাকার মিরপুরের বাসিন্দা সোহান আল মাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে রাজধানীর একটি এনজিওতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঘটনাস্থলটি লামা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সাদা পাহাড় এলাকায় অবস্থিত, যেখানে পর্যটকদের থাকার জন্য অবকাশ যাপনকেন্দ্র রয়েছে।



