লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক

যুক্তরাজ্যের লন্ডনে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড সমিতি ইউকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুণ্ডবাসীর মিলনমেলায় পরিণত হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক প্রবাসী সীতাকুণ্ডবাসী অংশ নেন।

লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক 1

সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন চৌধুরী টিটু, সহসাধারণ সম্পাদক তানজিনা সফি লিমা এবং ট্রেজারার মাসুম সামজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাহিদুল করিম সোহেল। পরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক 2

স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি সেলিম হোসাইন উপস্থিত অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি সমিতির আট বছরের পথচলায় সদস্য, কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড এবং শুভানুধ্যায়ীদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সীতাকুণ্ড উপজেলার ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সম্প্রতি চট্টগ্রামে সংঘটিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি প্রবাসী সীতাকুণ্ডবাসীসহ সব প্রবাসী বাংলাদেশির প্রতি মানবিক সহায়তার আহ্বান জানান।

লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক 3

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মঞ্জু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের কৃতী সন্তান, আইটি বিশেষজ্ঞ এবং সমিতির ট্রেজারার মাসুম সামজাদ সমিতির নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় তিনি ওয়েবসাইটটির বিভিন্ন সেবা, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।

অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। একই অনুষ্ঠানে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন সমিতির উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র বদিউল আলম।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের কৃতী সন্তান ও রয়েল লন্ডন হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম সীতাকুণ্ড উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি প্রকল্পটির উদ্দেশ্য, কার্যক্রম ও সম্ভাব্য সুফল তুলে ধরেন। এ সময় উপস্থিত অতিথিরা উদ্যোগটির প্রশংসা করেন এবং বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সীতাকুণ্ডের সন্তান, তরুণ উদ্যোক্তা ও সমিতির পৃষ্ঠপোষক সদস্য মহিউদ্দিন বহদ্দা চৌধুরীকে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (সিআইপি) মর্যাদা লাভ উপলক্ষে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে সম্মানিত করা হয়।

শিশুদের জন্য অনুষ্ঠানে ছিল বিশেষ আয়োজন। তাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণের পাশাপাশি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানে অতিথিদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থাও ছিল।

অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি ইউকের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি ইউকের সভাপতি মৌসুমী চৌধুরী জয়া, সাধারণ সম্পাদক নাসিরুল আজম, ট্রেজারার আব্দুল মান্নান, ট্রাস্টি ইফতেখার চৌধুরী, আলমগীর খান, ফটিকছড়ি কমিউনিটি ইউকের সভাপতি কাউন্সিলর আক্তারুল আলম, সাধারণ সম্পাদক শেখ নাছের, বখতিয়ার সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, এনএল২৪-এর সম্পাদক নুরুন নবী, লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব মাসুদুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব ইব্রাহিম জাহান, সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

এ ছাড়া সীতাকুণ্ড সমিতি ইউকের পক্ষে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি আলীম উল্লাহ রাহাত, সাইদুর রহমান মঞ্জু, আব্দুল হক রাশেদ, হাসান আলী ভূঁইয়া, জগলুল হায়াত চৌধুরী, সেলিম সারওয়ার, জুয়েল আবেদীন চৌধুরী, মহিউদ্দিন বহদ্দা চৌধুরী, ট্রাস্টি ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, কবি ও সাংবাদিক মিলটন রহমান, মোজাম্মেল হক ভূঁইয়া, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর, জসিম উদ্দিন, রুহুল আমীন, গাজী হক বিপু, শামীম সরফরাজ, নবাবুল ইসলাম, প্রসেনজিৎ বড়ুয়াসহ অসংখ্য প্রবাসী সীতাকুণ্ডবাসী।

অনুষ্ঠানের শেষ পর্বে সীতাকুণ্ড এবং যুক্তরাজ্যের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, সংগীত ও নৃত্যে মুখর হয়ে ওঠে পুরো মিলনমেলা।

দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তিতে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, সীতাকুণ্ড সমিতি ইউকে ভবিষ্যতেও প্রবাসে সীতাকুণ্ডবাসীর ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা, সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং নতুন প্রজন্মের কাছে সীতাকুণ্ডের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সবশেষে সমিতির সভাপতি সেলিম হোসাইন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ksrm