লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটির ফ্ল্যাটে নিষেধাজ্ঞা, মালিকানা লুকাতে ১৬৫ টাকায় শেয়ার বদল
তদন্তে অর্থপাচারের সন্দেহ
যুক্তরাজ্যের লন্ডনের অভিজাত রিজেন্টস পার্ক এলাকার দেড় কোটি পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট বিক্রি ও অন্যের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সঙ্গে সংশ্লিষ্ট এই ফ্ল্যাটটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৭ কোটি টাকা। অর্থ পাচারের সন্দেহে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) তদন্তের অংশ হিসেবে আদালত এ আদেশ দিয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে এনসিএ ফ্ল্যাটটির ওপর নিষেধাজ্ঞা জারির আদেশ পায়। তদন্তকারীদের অভিযোগ, ফ্ল্যাটটি কেনার অর্থের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি আনিসুজ্জামান। সম্পত্তিটির প্রকৃত মালিকানা আড়াল করতে জটিল কাঠামো তৈরি এবং সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার মাত্র এক পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ১৬৫ টাকা) বিনিময়ে অন্য পক্ষের কাছে হস্তান্তরের ঘটনাও তদন্তের আওতায় এসেছে।
মালিকানা আড়ালের অভিযোগ
আদালতে এনসিএ জানায়, ফ্ল্যাটটির সঙ্গে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, প্রতারণা ও অর্থ পাচারের সন্দেহজনক যোগসূত্র রয়েছে। সংস্থাটির দাবি, সম্পত্তিটির প্রকৃত মালিক আনিসুজ্জামান চৌধুরী রনি। তাঁর কোম্পানি যে অর্থ দিয়ে ফ্ল্যাটটি কিনেছিল, সেই অর্থের উৎস তিনি ব্যাখ্যা করতে পারেননি।
এনসিএর একজন তদন্ত কর্মকর্তা আদালতে লিখিত সাক্ষ্যে বলেন, ফ্ল্যাটটির প্রকৃত মালিকানা আড়াল করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে জটিল মালিকানা কাঠামো তৈরি করা হয়েছিল।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন দপ্তরের নথি অনুযায়ী, আনিসুজ্জামান রনি ২০২৩ সালে ‘রনি ৪২ লিমিটেড’ নামের একটি কোম্পানির মাধ্যমে রিজেন্টস পার্ক এলাকার ফ্ল্যাটটি কেনেন। সে সময় সম্পত্তিটির দাম ছিল ১ কোটি ২৪ লাখ পাউন্ড। পরে কোম্পানিটির নাম পরিবর্তন করে পিএনএন ইউকে প্রপার্টিজ রাখা হয়।
২০২৫ সালের সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ার মাত্র এক পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ১৬৫ টাকা) বিনিময়ে তৃতীয় একটি পক্ষের কাছে হস্তান্তর করা হয়। এনসিএর অভিযোগ, আনিসুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণ আড়াল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, শেষ পর্যন্ত সম্পত্তিটির মালিকানা তাঁর স্ত্রী ও দুই মেয়ের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল।
এনসিএর আইনজীবীরা আদালতে বলেন, এক পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ১৬৫ টাকা) শেয়ার হস্তান্তরের বিষয়টি ছিল মূলত একটি সুবিধাজনক ব্যবস্থা। ফ্ল্যাটটি বন্ধক রেখে নেওয়া ঋণ পুনঃঅর্থায়নের উদ্যোগের সঙ্গেও এর সম্পর্ক ছিল।
সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংক থেকে নেওয়া ঋণ পুনঃঅর্থায়নের চেষ্টা করা হলেও সেই প্রক্রিয়া শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ডিবিএস ব্যাংক এখন ফ্ল্যাটটির দখল নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চালাচ্ছে বলে জানিয়েছে এনসিএ।
আদালতের নিষেধাজ্ঞা
বিচারপতি কারেন স্টেইন রায়ে বলেন, ফ্ল্যাটটি অপরাধলব্ধ অর্থ দিয়ে কেনা হয়েছে বলে দাবি করার যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে। এ কারণে সম্পত্তিটি বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন তিনি।
তবে বাড়িওয়ালা যাতে ভাড়াটিয়ার কাছ থেকে সম্পত্তির দখল ফিরে পেতে পৃথক আইনি ব্যবস্থা নিতে পারেন, সেই সুযোগ রাখা হয়েছে আদালতের আদেশে।
আদালতে আনিসুজ্জামান চৌধুরীর আইনজীবীরা নিষেধাজ্ঞার আদেশের বিরোধিতা করেননি। তবে আনিসুজ্জামান দাবি করেছেন, তিনি কোনো বেআইনি কাজ করেননি। সম্পত্তির মালিকানা গোপন করার অভিযোগও অস্বীকার করেছেন তিনি।
আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতে সম্পদ বাজেয়াপ্ত করার জন্য কোনো দেওয়ানি মামলা করা হলে তিনি জোরালোভাবে তা মোকাবিলা করবেন। তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া হলেও তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
সাইফুজ্জামানের সম্পদ নিয়েও তদন্ত
আনিসুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটের বিরুদ্ধে এই আদেশ যুক্তরাজ্যে চলমান বৃহত্তর তদন্তের অংশ। ওই তদন্তে তাঁর ভাই বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের জুনে সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড মূল্যের সম্পদ জব্দের আদেশ পায় এনসিএ। একই সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী, তাঁর স্ত্রী এবং তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানিকে সম্পদের উৎস ব্যাখ্যা করতে আদালতের নির্দেশ নেওয়া হয়। যুক্তরাজ্যে এ ধরনের আদেশকে বলা হয় আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার বা ইউডব্লিউও।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা প্রায় ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের সম্পত্তির মালিক হন।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদের সন্ধান শুরু করে। ওই সরকারের অভিযোগ ছিল, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে অর্থ সরিয়ে বিদেশে বিভিন্ন সম্পদ কেনা হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর পরিবারের বিদেশি সম্পদ নিয়ে তদন্তের ধারাবাহিকতায় এবার লন্ডনে আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট ফ্ল্যাটটির মালিকানা ও অর্থের উৎস নিয়ে আদালতের নিষেধাজ্ঞা এল।




