বাংলাদেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদের লন্ডন সফর উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে সি ফর চাটগাঁ মিডিয়া। যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীদের সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র ‘চাটগাঁ হাউসে’ আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী চট্টগ্রামবাসীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি ফর চাটগাঁ মিডিয়ার কো-ফাউন্ডার ও মিডিয়া ডিরেক্টর সেলিম হোসাইন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ব্যস্ত সময়সূচির মধ্যেও ফাহিম আহমেদ চাটগাঁ হাউস পরিদর্শন এবং প্রবাসী চট্টগ্রামবাসীদের সঙ্গে মতবিনিময়ের জন্য সময় দেওয়ায় তাঁরা কৃতজ্ঞ।
চাটগাঁ হাউস ও সি ফর চাটগাঁ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক, গবেষক ও অধ্যাপক প্রফেসর নাজিম উদ্দিন তাঁর বক্তব্যে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়া এবং ইতিবাচক ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চাকে উৎসাহিত করাই চাটগাঁ হাউস ও সি ফর চাটগাঁ মিডিয়ার অন্যতম লক্ষ্য।
তিনি ফাহিম আহমেদকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যমুনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, গণমাধ্যমকর্মী ও প্রবাসী চট্টগ্রামবাসীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সি ফর চাটগাঁ মিডিয়ার পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সি ফর চাটগাঁর পরিচালক সেলিমুল হক, জিয়া বিন রাসেল, জামাল উদ্দিন, আজিজুল হক লিটন, আনোয়ার চৌধুরী মুজিব ও আবদুল হাই। এছাড়া বক্তব্য দেন সাংবাদিক জাহেদুল আলম মাসুদ, সারওয়ার হোসেন, হেফাজুল করিম রকিব, মোহাম্মদ জুনায়েত রিয়াজ, চট্টগ্রাম সমিতি ইউকের ট্রেজারার আব্দুল মান্নান, ফটিকছড়ি কমিউনিটি ইউকের সেক্রেটারি শেখ নাছের, সীতাকুণ্ড সমিতি ইউকের সদস্য জুয়েল আবেদীন চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, ডা. রেজাউল করিম, সারওয়ার সেলিম, সাবেক উইং কমান্ডার আমিনুর রহমান, ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, নাজিম উদ্দিন এবং সোহেল রানা।
বক্তারা তাঁদের বক্তব্যে যমুনা টেলিভিশনের বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তাঁরা বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে যমুনা টেলিভিশন দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আহমেদ সংবর্ধনার জন্য সি ফর চাটগাঁ মিডিয়া ও প্রবাসী চট্টগ্রামবাসীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি তাঁরা বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরছেন। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, লন্ডন তথা ইউরোপে প্রবাসী চট্টগ্রামবাসীদের জন্য নিজস্ব স্থায়ী কেন্দ্র হিসেবে ‘চাটগাঁ হাউস’ প্রতিষ্ঠা একটি প্রশংসনীয় উদ্যোগ। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস, সংস্কৃতি ও কমিউনিটি কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানটি আন্তরিকতা, সৌহার্দ্য ও প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সি ফর চাটগাঁ মিডিয়া ভবিষ্যতেও প্রবাসে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিবাচক উদ্যোগ বিশ্বদরবারে তুলে ধরতে এবং দেশ-প্রবাসের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।




