পবিত্র রমজানের পবিত্রতা আর প্রবাসের বন্ধনকে এক সুতায় গেঁথে পূর্ব লন্ডনের একটি হলে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নানা পেশার মানুষ অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাসী কমিউনিটির মধ্যে রমজানের সামাজিক ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস হয়ে ওঠে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব বজলুর রহমান। এরপর ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র মিডিয়া ডাইরেক্টর সেলিম হোসাইন স্বাগত বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাস জীবনে সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক ঐক্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।

ইফতার মাহফিলের আলোচনায় পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনায় আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বজলুর রহমান। মোনাজাতে বিশ্বব্যাপী শান্তি, ঐক্য এবং মানবতার কল্যাণ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন।
ইফতার মাহফিলে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে শতাধিক মানুষ ইফতারে অংশ নেন। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, প্রবাসী কমিউনিটিতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ডাইরেক্টর সেলিমুল হক, সাজ্জাদুল ইসলাম, জিয়া বিন রাসেল, ব্যারিস্টার জিন্নাত আলী, ব্যারিস্টার আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, আবু নসর, সিরাজুল ইসলাম, জুয়েল আবেদীন চৌধুরী ও শেখ নাসের উপস্থিত ছিলেন। এছাড়া লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিক সরোয়ার হোসেন, রাকিবুল ইসলাম, শোয়েব কবীর, মাসুদুর রহমান, আবদুল কাদের জিলানী, ইফতি আহমেদ এবং বার্কিং ও ডিগেনহাম কাউন্সিল-এর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়া প্রবাসী চট্টগ্রামভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল সীতাকুণ্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, বখতিয়ার সোসাইটি ইউকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকে-এর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সি ফর চাটগাঁ মিডিয়ার মিডিয়া ডাইরেক্টর সেলিম হোসাইন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসে এমন আন্তরিক আয়োজন কমিউনিটির মানুষকে আরও কাছাকাছি আনার পাশাপাশি সামাজিক বন্ধন শক্তিশালী করবে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




