লন্ডনের চাটগাঁ ভবনে ফুলেল সংবর্ধনা, এরপর দীর্ঘ মতবিনিময়। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের লন্ডন সফরকে ঘিরে ১ অক্টোবর সি ফর চাটগাঁ মিডিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি ও বিভিন্ন সামাজিক সমস্যার কথা। যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামবাসী তাঁদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন সংসদ সদস্যের কাছে।

লন্ডনের চাটগাঁ ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সলিসিটর জাগির আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সি ফর চাটগাঁর মিডিয়া ডাইরেক্টর সেলিম হোসাইন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ডাইরেক্টর প্রফেসর নাজিম উদ্দিন। তিনি প্রধান অতিথি সংসদ সদস্য সরোয়ার আলমগীরসহ উপস্থিত যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামবাসীকে চাটগাঁ ভবনে স্বাগত জানান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য সরোয়ার আলমগীর যুক্তরাজ্যপ্রবাসী চট্টগ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত সি ফর চাটগাঁ ভবন পরিদর্শন করেন। এ সময় প্রফেসর নাজিম উদ্দিন প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পরে সংগঠনের ডাইরেক্টরবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা উপহারও দেওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সি ফর চাটগাঁর ডাইরেক্টর সাজ্জাদুর ইসলাম ও সেলিমুল হক। এ ছাড়া বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব সাকিব হুদা, চট্টগ্রাম সমিতি ইউকের ট্রাস্টি আব্দুল মান্নান ও ওয়াহিদ পারভেজ, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ ইসহাক, হ্যাভেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির মাহমুদ, জেইন গ্লোবালের ডাইরেক্টর সিরাজুল ইসলাম, সময় টিভির লন্ডন প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক সুয়েব কবির, আরটিভির লন্ডন প্রতিনিধি ও টপ নিউজের ডাইরেক্টর সরোয়ার হোসেন, ফটিকছড়ি কমিউনিটি ইউকের সেক্রেটারি এস এম নাসির, লিম সল্যুশনের চেয়ারম্যান মাসুদুর রহমান, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব সুজন বড়ুয়া, এনসিএল ট্যুরসের ব্যবস্থাপক ইফতি আহমেদ, সেলিম সারওয়ার ও সাংবাদিক আব্দুল মোমিন।
মতবিনিময় পর্বে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসী এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর তাঁদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময় শেষে সভাপতি সলিসিটর জাগির আলম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পরে উপস্থিত অতিথিরা সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে নৈশভোজে অংশ নেন।
প্রবাসী চট্টগ্রামবাসীর সঙ্গে পারস্পরিক মতবিনিময়, এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।




