
এদিকে রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে। ফিরে আসা লোকজনের জন্য প্রশাসন ২টি আশ্রয় কেন্দ্র খুলেছে। আশ্রয় কেন্দ্রে আসা লোকজনকে খাদ্যসহ অন্যান্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।
রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, রবিবার আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের দায়ের করা মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন শ’জনকে আসামি করায় গ্রেফতার আতঙ্কে লংগদু উপজেলা এখন প্রায় পুরুষ শূন্য হয়ে গেছে।
রবিবার সকালে পার্বত্য শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার ও জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা লংগদুর ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। নিহত নয়নের পরিবারকে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন।



