‘র্যাব-পুলিশ-আর্মি এলেও দখল করব’, চাক্তাইয়ে ২৫ বছরের ভোগদখলের জমি দখলের চেষ্টা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় ২৫ বছর ধরে ভোগদখলে থাকা একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম (৫০)। অভিযোগের পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মোহাম্মদ রুবেল (৩৮), মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে জেকি (২৮) এবং মোহাম্মদ নুরুল আলম ওরফে কালো মুন্সিকে।
দীর্ঘদিনের ভোগদখলের দাবি
লিখিত অভিযোগে রফিকুল ইসলাম বলেন, বাকলিয়া মৌজার আরএস ও বিএস রেকর্ডভুক্ত ৯ দশমিক ৪৮ শতাংশ জমির বৈধ মালিক তিনি। খরিদসূত্রে জমিটি কিনে গত ২৫ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তার অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা জমিটির মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। গত জুন মাসের এক রাতে ১৫ থেকে ২০ জনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ জমিতে প্রবেশ করে তারা। পরে সেখানে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়।
রফিকুল ইসলাম বলেন, পরদিন সন্ধ্যায় নির্মাণকাজে বাধা দিতে গেলে অভিযুক্তরা অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে আসেন। প্রাণভয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এরপর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রতিকারের অপেক্ষায়
রফিকুল ইসলামের দাবি, থানায় অভিযোগ করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে শহীদুল ইসলাম ওরফে জেকি ওই জমিতে নির্মিত টিনশেড ঘর ব্যবহার করে মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। জেকি বাহিনীর ভয়ে জমির কেয়ারটেকারও আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।
জমির কেয়ারটেকার মো. আকবর বলেন, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম জমিটির মালিক। সেখানে ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হতো। সম্প্রতি বন্যার পানিতে কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাড়াটিয়ারা চলে যান। এরপর থেকেই জমিটি দখলের চেষ্টা শুরু হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেকান্দার আলম বলেন, ২০০১ সাল থেকে রফিকুল ইসলাম জমিটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি জেকি বাহিনী জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসীও অতিষ্ঠ বলে দাবি করেন তিনি।
প্রতিবেদকের সামনেও হুমকির অভিযোগ
সরেজমিনে গিয়ে প্রতিবেদকের সামনেও শহীদুল ইসলাম ওরফে জেকি জমি দখলের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। তার ভাষ্য, ‘তিন দিনের মধ্যে র্যাব, পুলিশ, আর্মি, যেই আসুক, পুরো জায়গা আমরা দখল করে ফেলব। এখানে কেউ আমাদের ঠেকাতে পারবে না।’
অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম জেকি বলেন, ‘রফিকুল ইসলাম জায়গা কিনেছে সত্য। ভোগ দখলে ছিলেন তাও সত্য। তবে এটা আমাদের পূর্ব পুরুষের জমি ছিল। আমাদের এক চাচা ষড়যন্ত্র করে জমিটি বিক্রি করেছিলেন। আমরা এখন ভাড়া ঘরে থাকি। তাই আমাদের জমিটি দরকার। তাই জমিটি উনাকে ছেড়ে দিতে বলেছি।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের থানায় আসতে বলা হয়েছে। তারা এখনো আসেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে আগেও মাদক-সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমির মালিক রফিকুল ইসলাম তার জমির নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




