রেলওয়ের এক কর্মচারী থেকে বাসা ভাড়া নিয়ে সেখানে শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আত-তাক্বওয়া ফাউন্ডেশনের অফিস করা হয়। সেখানে আরবি পড়ানো হতো ছোট ছোট বাচ্চাদের। কিন্তু পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় ওই বাসায় তালা দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (২২জুলাই) নগরীর এনায়েতবাজার বাটালী রোডের সিআরবি আত-তাক্বওয়া ফাউন্ডেশনের অফিসে তালা দেওয়া হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক হান্নান (৩৫) পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে পড়তে আসা বাচ্চাদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
জানা গেছে, যেখানে প্রতিষ্ঠানের অফিস খোলা হয় সেই বাসাটি ফতেয়াবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ফারজানার। বাসাটির নম্বর ৭৬৫/বি। কিন্তু তিনি ওই বাসায় না থেকে সেটি ভাড়া দেন। তার স্বামী তৌহিদও রেলের কর্মচারী। সেই সুবাদে স্বামীর নামে নেওয়া কোয়ার্টারে থাকেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ফতেয়াবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ফারজানা বাসাটি তার এবং ভাড়া দিয়েছেন বলে স্বীকার করেন। পরে তিনি প্রতিবেদককে মুঠোফোনে কথা না বলে সরাসরি দেখা করার প্রস্তাব দেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আত-তাক্বওয়া ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের আরবি পড়ানো হতো। ইতোপূর্বে সিআরবি এলাকায় একই অভিযোগে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানটির পরিচালক হান্নান রেলের বাসা ভাড়া নিয়ে আবার কার্যক্রম চালিয়ে যান।
এক ভুক্তভোগী শিশুর অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে রাত ৮টার দিকে ওই বাসায় যান বলে জানান নাসির উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা।
অভিযোগের বিষয়ে জানতে আত-তাক্বওয়া ফাউন্ডেশন পরিচালক হান্নানের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জেএস/ডিজে




