রেললাইনের ওপর পানি, ৮ ঘণ্টা আটকে থাকা ‘পর্যটক এক্সপ্রেস’ ফিরে গেছে চট্টগ্রাম স্টেশনে
ভোগান্তিতে ১ হাজার যাত্রী
অবশেষে চট্টগ্রাম রেলস্টেশনে ফিরিয়ে আনা হচ্ছে ষোলশহর রেলস্টেশনে এক হাজার যাত্রী নিয়ে আটকে পড়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি। চট্টগ্রামে টানা বৃষ্টিতে পানির নিচে রেললাইন তলিয়ে গেলে ট্রেনটি আটকা পড়ে।
মঙ্গলবার (৭ জুলাই) ১২টা ২৭ মিনিটে ষোলশহর জানালিহাট রেলপথের একটি অংশ পানির নিচে চলে গেলে কক্সবাজারগামী ট্রেনটি আটকে যায়।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ২৭ মিনিটে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর গিয়ে রেললাইনের ওপর পানি জমে থাকায় থেমে যায়। সন্ধ্যায় ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে ফিরিয়ে আনা হয়। তবে এখনও এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। ট্রেন ফিরিয়ে আনলেও ট্রেনের যাত্রারা গন্তব্যে পৌঁছতে না পেরে ভোগান্তিতে পড়েন।
জানালিহাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, অতিরিক্ত বৃষ্টিতে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আটকে থাকা ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস একই পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করলেও পরবর্তী সময়ে ভারী বৃষ্টিতে দ্রুত পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।
রেল কর্মকর্তারা জানান, পর্যটক এক্সপ্রেসের কক্সবাজার পৌঁছানোর নির্ধারিত সময় ছিল দুপুর ২টা ৪০ মিনিট। তবে রেললাইন থেকে পানি না সরা পর্যন্ত ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করতে পারবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এএইচ/ডিজে




