রেডিসন ব্লুর কর্মীরা স্বাস্থ্যসেবা পাবেন সাজিনাজ হাসপাতালে

চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। এ চুক্তির আওতায় হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শর্ত ও সুযোগ-সুবিধা অনুযায়ী সাজিনাজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা নিতে পারবেন।

সম্প্রতি হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ উদ্যোগের মাধ্যমে হোটেলের কর্মীদের স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ করার পাশাপাশি তাঁদের সুস্বাস্থ্য, সুস্থতা ও কল্যাণে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং দল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার সমন্বয়ে রোগীদের মানসম্মত, নিরাপদ, সাশ্রয়ী ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁদের প্রতিষ্ঠান।

তিনি জানান, সাজিনাজ হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ব্লাড ব্যাংক এবং বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসাসহ বিভিন্ন ধরনের আধুনিক স্বাস্থ্যসেবা চালু রয়েছে।

সাজিনাজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ISO 9001:2015 সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে হাসপাতালটির সেবার গুণগত মান, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও আন্তর্জাতিক মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। এতে হাসপাতালের স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে।

তিনি আশা প্রকাশ করেন, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সঙ্গে এ অংশীদারত্ব দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি করপোরেট স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখবে। এ সহযোগিতামূলক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার জন্য রেডিসন ব্লু কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

রেডিসন ব্লু হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি। রেডিসন ব্লু তার কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সাজিনাজ হাসপাতাল সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুই প্রতিষ্ঠান নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে সামনে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক মমিনুল ইসলাম, ডিরেক্টর (এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) হাসান মাহমুদ চৌধুরী, ম্যানেজার (এইচআর) সাখাওয়াত হোসেন, ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) আরেফিন এবং আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি।

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী, হসপিটাল বিভাগের ডা. মেজর (অব.) আমিনুল হক, সহকারী পরিচালক (নিরাপত্তা) মেজর (অব.) গৌতম রায়, সহকারী পরিচালক মো. রায়হান চৌধুরী এবং ওআইসি জমীর উদ্দিন কোরেশীসহ হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, এ সমঝোতা স্মারকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়বে, কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং চট্টগ্রামের করপোরেট স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।

ksrm