চট্টগ্রামের আনোয়ারায় জন্মসনদে ১৩ দিন বেশি হওয়ায় জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে না পেরে দুর্জয় দাশ নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনায় কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র দেবনাথ, শ্রেণি শিক্ষক শাহ আলম ও অফিস সহকারী অনুপম পাল। বহিষ্কার ছাড়াও তাদের কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে ওই স্কুলের এক জরুরি সভার মাধ্যমে তিনজনকে বহিষ্কার করে বিদ্যালয় পরিচালনা কমিটি। সভায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এর আগে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে গত শুক্রবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয়রা।
জানা গেছে, একাধিকবার স্কুলছাত্র দুর্জয় দাশ বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে গিয়েও জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে না পেরে সোমবার (২৯ জুন) আত্মহত্যা করে। তার জন্মসনদে ১৩ দিন বেশি থাকায় কারণে জেএসসি পরীক্ষার নিবন্ধন করেনি বিদ্যালয়। নিবন্ধনের বিষয়ে দুর্জয়কে বিদ্যালয় থেকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি বলেও পরিবারের অভিযোগ। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এ ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেনের নির্দেশে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য রফিক উল্লাহকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত ও দায়িত্বে অবহেলার কারণে প্রধান শিক্ষকসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া আগামী ৭ দিবসের মধ্যে তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত জবাব দিতে বলা হয়।
কৈনপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেন বলেন, ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ে অনুপস্থিত ও দায়িত্বে অবহেলার কারণে প্রধান শিক্ষকসহ ৩ জনকে কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ দেবনাথ বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন।
এএইচ




