কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন দ্বীপটিতে। কিন্তু সাত জাহাজের রুট পারমিট ও সময়সূচি অনুমোদন না হওয়ায় আটকে আছে যাত্রী পরিবহন। ফলে ভ্রমণ করতে পারছেন না পর্যটকরা।
জানা গেছে, কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য সাতটি পর্যটকবাহী জাহাজের মালিকপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে রুট পারমিট ও সময়সূচি অনুমোদনের আবেদন করেছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় কোনো জাহাজই এখনো চলাচলের অনুমতি পায়নি।
এর মধ্যে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া ও এমভি টেকনাফের অনুকূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মতিপত্র রয়েছে। কিন্তু হালনাগাদ সার্ভে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় নৌ-সংক্রান্ত নথি না থাকায় এসব জাহাজের রুট পারমিট ও সময়সূচি অনুমোদন করা যাচ্ছে না।
অপরদিকে এমভি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এমভি কেয়ারি সিন্দাবাদ, এলসিটি কাজল ও এমভি বে-কুইজার-১-এর মালিকপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় পরিবেশ মন্ত্রণালয়ের নীতিগত সম্মতি চাওয়ার প্রক্রিয়াও শুরু করা যায়নি। ফলে সাতটি জাহাজের কোনোটির ক্ষেত্রেই অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক সালমা আক্তার স্বাক্ষরিত চিঠিতে জাহাজগুলোর মালিকপক্ষকে হালনাগাদ সার্ভে সার্টিফিকেট, রুট পারমিট ফি জমার প্রমাণ, কোস্টগার্ডের ছাড়পত্র, ভয়েজ লাইসেন্সসহ প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। এসব কাগজপত্র পাওয়ার পরই পরবর্তী অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দীর্ঘ এই সামুদ্রিক পথে যাত্রী পরিবহনে নৌযানের সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন সমুদ্রে চলাচল না করা জাহাজগুলোর ক্ষেত্রে হালনাগাদ সার্ভে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সনদ থাকা বাধ্যতামূলক। এসব নথি ছাড়া রুট পারমিট দেওয়ার সুযোগ নেই। দ্রুত কাগজপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হবে।
তবে জাহাজ মালিক ও ট্যুর অপারেটররা জানিয়েছে, ২৭ অক্টোবর চূড়ান্ত নির্দেশনা জারির মাধ্যমে ১ নভেম্বর থেকে পর্যটক চলাচলের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে দুইদিনের সাপ্তাহিক ছুটি থাকায় প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও জমা দেওয়ার ক্ষেত্রে সময়ের সংকট তৈরি হয়েছে। বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী নথিপত্র প্রস্তুত করতে সব প্রতিষ্ঠানই কাজ করছে। আগামী শুক্রবারের মধ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে। এ নিয়ে ট্যুর অপারেটরদের মধ্যে দ্রুত জাহাজ চালুর এক ধরনের প্রতিযোগিতাও তৈরি হয়েছে।
পর্যটকরা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে যাতায়াত করতে পারবেন। প্রত্যেককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। পর্যটকদের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। পুরো মৌসুমেই দ্বীপে রাত্রিযাপনের অনুমতি রয়েছে।




