চট্টগ্রামের ফটিকছড়িতে বাবা-ছেলে মিলে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার কারবার করে আসছিলেন। তাদের কারণে ধ্বংস হচ্ছিল যুবসমাজ। এলাকাবাসীও তাদের এমন কাজে ক্ষুব্ধ ছিলেন। শেষ পর্যন্ত রাতে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছেন দুজন।
তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মোহাম্মদ আজম (৫০) ও তার ছেলে ফাহিম (২১) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের কাজীপাড়ার বাসিন্দা।
বুধবার (২৪ জুন) রাতে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বিবিরহাটের সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, মাদক কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে উপজেলা সদর বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাদের কর্মকাণ্ডে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদককারবার নির্মূলে পুলিশের অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা-ছেলেকে আদালতে পাঠানো হয়েছে।
ডিজে




