রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে ধসে পড়লো সেতু, বন্ধ বান্দরবান-রাঙামাটি সড়ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানির প্রবল স্রোতে দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙামাটি সড়কপথে বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল।

শনিবার (১১ জুলাই) ভোররাতের দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি সকালে পানির তীব্র স্রোতের আঘাতে ধসে পড়ে। মুহূর্তেই ওই সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় কোনো মৃত্যু কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ।

সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বলে জানান স্থানীয়রা। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লিচুবাগান এলাকা থেকে নদীর অপর পারে চলাচলকারী ফেরি সার্ভিসও বন্ধ রয়েছে। ফলে বিকল্প পথেও বান্দরবানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, প্রবল পানির স্রোতে ভোরের দিকে সেতুটি ধসে পড়ে। ঘটনার সময় সেতুতে কোনো গাড়ি ছিল না। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

টিএ/ডিজে

ksrm