চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণজামায়েত ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’— স্লোগানে স্লোগানে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জনসভা পরিচালনা করেন রাশেদ তালুকদার। এতে এগারো দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান বক্তা ডা. রেজাউল করিম রাঙ্গুনিয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা খাতের গুণগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার আধুনিকায়ন তার অন্যতম অগ্রাধিকার।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়াবাসী আমার ভাই -বোন, আমি রাঙ্গুনিয়ার ছেলে, আপনাদের সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। প্রবাসী নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের সেবায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অপরিহার্য।




