রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নবগঠিত জেলা ছাত্রদল কমিটি ঘিরে রাঙামাটিতে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সোমবার (৪ মে) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলা থেকে নতুন কমিটির সমর্থনে আসা একটি গাড়িবহর দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পদবঞ্চিতরা ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পৌর এলাকায় অবস্থান নেওয়া নতুন কমিটির সমর্থকরা সংগঠিত হয়ে পাল্টা অবস্থান নেন এবং ধাওয়া দিয়ে পদবঞ্চিতদের কার্যালয় এলাকা থেকে সরিয়ে দেন। এ সময় তারা এলাকা ছেড়ে চলে যায়। এরপর নতুন কমিটির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরে জেলা প্রশাসন রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, আমরা সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করবো। এখানে কারও মনে কষ্ট পাওয়ার কিছু নেই। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীমউদ্দিন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই সরে গেছে, এলাকা স্বাভাবিক।

এর আগে গত শুক্রবার নতুন কমিটি ঘোষণার পর থেকেই অসন্তোষ দেখা দেয়। শনিবার পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কেন্দ্রীয় নেতাদের আশ্বাসের পরও বিরোধ না মিটে আজকের সংঘর্ষের ঘটনা ঘটে।

এএইচ

ksrm