রাঙামাটিতে গৃহবধূকে খুন করে গরু বিক্রির টাকা লুট

পার্বত্য জেলা রাঙামাটির বরকলে নিজ বাড়ি থেকে আয়েশা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশে ইট-হাতুড়ি, ভাঙা আলমারি পাওয়া গেছে। একইসঙ্গে গরু বিক্রির তিন লাখ টাকাও লুট করা হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। আয়েশা (৪৮) ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

নিহতের ছেলে আশরাফ আলী জানান, সকালে তিনি ও তার বাবা গাছ চেরাইয়ের কাজে স্থানীয় একটি করাতকলে যান। বাড়িতে একাই ছিলেন তার মা। সন্ধ্যায় ঘরে ফিরে বাতি জ্বালানোর পর মেঝেতে রক্তাক্ত অবস্থায় মায়ের লাশ পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, আয়েশা বেগমের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। লাশের পাশে একটি ইট ও হাতুড়ি পড়ে ছিল। একইসঙ্গে ঘরের আলমারিও ভাঙা অবস্থায় পাওয়া যায়। সেখানে রাখা গরু বিক্রির তিন লাখ টাকা লুট করা হয়েছে।

সুবলং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, সারাদিন ওই নারী বাড়িতে একা ছিলেন। সন্ধ্যার পর স্বামী ও ছেলে বাড়ি ফিরে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথা ও কপালে ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/ডিজে

ksrm