রাউজানে মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী লুকিয়ে ছিলেন দুর্গম পাহাড়ে

চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার মূল পরিকল্পনা গ্রেপ্তার করেছে র‌্যাব। দুর্গম পাহাড়ি এলাকা আত্মগোপনে ছিলেন তিনি।

২১ জুন (শনিবার) ভোর সাড়ে ৬টার দিকে রাঙামাটির বাঘাইছড়ির ধুপছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আইয়ুব আলী রাউজানের শমসের পাড়ার কদলপুর মৃত আব্দুল মোনাফের ছেলে। ঘটনাস্থলে না থাকলেও তিনি আড়াল থেকে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন এবং কিভাবে খুন করা হবে সেই পরিকল্পনাও তিনি করেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, রাজনৈতিক বিরোধের জের থেকে মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যা পরিকল্পনা করেন মো. আইয়ুব আলী। মাসুদ রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। খুনিরা মনে করেছিলেন, তিনি নির্বাচনে দাঁড়ালে জিতে যাবেন। তাই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরিয়ে দিতেই খুনের পরিকল্পনা করা হয়।

জানা গেছে, গত ১৩ জুন দুপুরে রাউজানের চুয়েটসংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি বেতাগী ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলেন।

এ ঘটনায় ১৫ জুন নিহতের ভাই ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়। একইসঙ্গে অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।

র‌্যাব আরও জানায়, হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকে অভিযান চালানো হয়। গোয়েন্দা তৎতপরতা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় এজহারভুক্ত ৯ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।

এফএ/ডিজে

ksrm