চট্টগ্রামের রাউজানে বিএনপিকর্মী মো. কাউসারুজ্জামানকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন তার বাবা। এতে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ১২ জনকে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব রাউজান এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন—মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, শনিবার রাতে পূর্ব রাউজানে অভিযান চালিয়ে বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে পূর্ব শত্রুতার জেরে মো. কাউসারুজ্জামান ওরফে বাবলুকে (৩৪) ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে খুন করে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় বিএনও ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এর ঘটনার পর শনিবার নিহতের বাবা আবুল কালাম বাদি হয়ে রাউজান থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এফএ/ডিজে




