যুবলীগ নেতার মামলায় চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক খালাস

৪ বছর আগে প্রতিবেদনকে কেন্দ্র করে মামলা

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের আদালত রোববার দুপুরে ভিড় জমে যায়। দীর্ঘ দুই বছর ধরে চলা সাইবার মামলার রায় ঘোষণা করেন বিচারক জীনাত সুলতানা। এতে চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টার জাহাঙ্গীর শুভকে খালাস দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের করা মামলায় এই রায় আসে রোববার (৯ নভেম্বর)।

এদিন জাহাঙ্গীর শুভর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার সারোয়ার। শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বশিরুল হুদা সোহান ও অ্যাডভোকেট জেসমিন আক্তার।

বিষয়টি শুরু হয় একটি সংবাদ প্রতিবেদনকে ঘিরে। দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন সংস্করণে ২০২১ সালের ২৮ জুন প্রকাশিত হয় ‘বউয়ের নামে পুকুর লিজ নিয়ে রেলের জায়গা দখলের চেষ্টায় যুবলীগ নেতা’ শিরোনামের প্রতিবেদন। সেখানে উল্লেখ করা হয়, ফরিদ মাহমুদ তার স্ত্রীর নামে রেলওয়ে থেকে একটি পুকুর লিজ নেন। অভিযোগ ছিল, শুধু লিজকৃত পুকুরই নয়, আশপাশের জায়গা ব্যবহারের কৌশল নেওয়া হয় এবং পুকুরপাড় থেকে মাটিও কেটে ফেলা হয়।

প্রতিবেদনে বলা হয়, রেলওয়ে পূর্বাঞ্চলের হালিশহর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে ২১ শতক জায়গার ওই পুকুরটি শাহানা আক্তারের নামে নেওয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ থেকে গত ১৩ সেপ্টেম্বর ২০২০ পাঁচ বছরের জন্য পুকুরটি বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়। এর আগে এটি কামরুন্নেছা নামে এক নারীর নামে ছিল। লিজ নেওয়ার পর লোকজন গত ২৭ জুন পুকুরের পাশের সরকারি জায়গা থেকে মাটি কাটতে শুরু করে।

তখন রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (৩) কর্ম সঞ্চালক কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে যাচাই করেন এবং লিখিতভাবে অভিযোগ জানান। রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, ২১ শতক জায়গায় লিজ দেওয়া হয়েছে, এর বাইরে কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। কোনো অনিয়ম পাওয়া গেলে শর্ত অনুযায়ী লিজ বাতিল হবে। অন্যদিকে ফরিদ মাহমুদ অভিযোগ অস্বীকার করে জানান, এ ধরনের কিছু তার জানা নেই।

খবর প্রকাশের পর ফরিদ মাহমুদ চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক জাহাঙ্গীর শুভর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলা তদন্তের দায়িত্ব দেন কোতোয়ালী থানার পুলিশকে। প্রায় চার বছর পর রোববার (৯ নভেম্বর) অবশেষে সাংবাদিক জাহাঙ্গীর শুভ নির্দোষ প্রমাণিত হলেন।

ksrm