ম্যাথমেজিকস: গণিতের জাদুতে মুখর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ

ম্যাথ অলিম্পিয়াড থেকে রুবিকস কিউব

চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে (সিইএসসি) গণিতের মেধা ও সৃজনশীলতার লড়াইয়ে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের গাণিতিক প্রতিভা অন্বেষণ ও মেধা বিকাশের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’ আয়োজনের প্রথম দিন মঙ্গলবার (১১ আগস্ট) সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগীদের অদম্য উৎসাহ আর মেধার প্রতিযোগিতায় দিনভর ক্যাম্পাস যেন পরিণত হয় গণিতের এক জাদুকরী জগতে।

ম্যাথমেজিকস: গণিতের জাদুতে মুখর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ 1

এ আয়োজনে শিক্ষার্থীদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো কিডস (কে), প্রাইমারি (পি), জুনিয়র (জে), সিনিয়র (এস) ও হায়ার সেকেন্ডারি (এইচএস)। মোট ১০টি প্রতিযোগিতার মধ্যে প্রথম দিনেই অনুষ্ঠিত হয়েছে আটটি ইভেন্ট।

ম্যাথমেজিকস: গণিতের জাদুতে মুখর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ 2

প্রথম দিনে ছিল ম্যাথ অলিম্পিয়াড, জিওমেট্রি ড্যাশ, ম্যাথ রিলে, ম্যাথ মিম, পোস্টার ডিজাইন, দেওয়াল পত্রিকা, টিক-ট্যাক-টো ও রুবিকস কিউব। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মেধার সুনিপুণ প্রয়োগ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

ম্যাথমেজিকস: গণিতের জাদুতে মুখর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ 3

উদ্বোধনী দিনেই সাবমিশনভিত্তিক ইভেন্টগুলোর পাশাপাশি ‘ম্যাথ রিলে’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আগামী ১৩ আগস্ট সিইএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান। এতে হায়ার সেকেন্ডারি (HS) ক্যাটাগরির জন্য ‘ইন্টিগ্রেশন বি’ এবং কিডস ক্যাটাগরির জন্য ‘ম্যাথ রিডল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবমিশনভিত্তিক কাজগুলোর চমৎকার প্রদর্শনীও থাকবে।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তদারকির কথা উল্লেখ করা হয়েছে। তাঁর নেতৃত্ব এবং সিইএসসি ম্যাথ ক্লাবের সদস্যদের দিনরাত নিরলস পরিশ্রমেই আয়োজনের প্রথম ধাপ সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের কাছে গণিতকে আনন্দদায়ক ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই সিইএসসি ম্যাথ ক্লাবের এ উদ্যোগ। প্রথম দিনের সফল আয়োজনের পর এখন সবার নজর আগামী ১৩ আগস্টের জমকালো সমাপনী অনুষ্ঠানের দিকে।

ksrm