মোবাইলে আসক্তি, ক্লাসে অনীহা, চট্টগ্রামে ইংরেজিতেই ফেল ৩৪ হাজার

এইচএসসিতে ১৫ বছরে সর্বনিম্ন পাসের রেকর্ড

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাস করেছে মাত্র ৫২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী। গত ১৫ বছরের মধ্যে এটি বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। পরীক্ষায় অংশ নেওয়া ৯৬ হাজার ৩৩৫ জনের মধ্যে ফেল করেছে ৪৬ হাজার ১৭৩ জন। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। সবচেয়ে বেশি বিপর্যয় দেখা গেছে ইংরেজিতে। এ বিষয়ে ফেল করেছে ৩৪ হাজার ১৭৭ জন। বিভাগভিত্তিক ফলেও বড় বৈষম্য দেখা গেছে। বিজ্ঞানে পাসের হার ৭৪ দশমিক ৪২ শতাংশ হলেও মানবিকে তা নেমে এসেছে ৩৮ দশমিক ৩৬ শতাংশে।

শিক্ষার্থীদের ভাষাগত দুর্বলতা, প্রয়োগনির্ভর প্রশ্নের উত্তর দিতে না পারা এবং সামগ্রিক প্রস্তুতির ঘাটতিকে ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অনুপস্থিতি ও মোবাইল ফোনে আসক্তিও খারাপ ফলের পেছনে ভূমিকা রেখেছে।

বোর্ডের ফলাফল অনুযায়ী, এবার মোট ৯৬ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০ হাজার ১৬২ জন। ফেল করেছে ৪৬ হাজার ১৭৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৭ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৯২৯ জন।

গত বছর পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ১৩০ জন। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ কমেছে ৩ হাজার ২০১টি।

ইংরেজিতে ফেল ৩৪ হাজারের বেশি

বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ইংরেজি। এ বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া ৯৯ হাজার ৮৫১ জনের মধ্যে পাস করেছে ৬৫ হাজার ৬৭৪ জন। পাসের হার ৬৫ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ ৩৪ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী ইংরেজিতে উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে বাংলায় পাসের হার ৮৩ দশমিক ৭৪ শতাংশ। এ বিষয়ে ফেল করেছে ১৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। বাংলা ও ইংরেজির পাসের হারের ব্যবধান ১৭ দশমিক ৯৭ শতাংশ পয়েন্ট। বাংলায় তুলনামূলক ভালো ফল করলেও ইংরেজিতে এসে বড় একটি অংশ পিছিয়ে পড়েছে। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, শ্রেণিকক্ষে পাঠদানের মান এবং প্রচলিত ইংরেজি শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে এ ফল নতুন প্রশ্ন তৈরি করেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা আবশ্যিক বিষয়ে ৯৯ হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৬১৪ জন। আইসিটিতে একই সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩ হাজার ২৫৪ জন। এ বিষয়ে পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞানে পাসের হার ৮৬ দশমিক ০৬ শতাংশ, রসায়নে ৮৮ দশমিক ৩৫ শতাংশ এবং জীববিজ্ঞানে ৮৩ দশমিক ০৭ শতাংশ। তবে উচ্চতর গণিতে পাসের হার ৭০ দশমিক ২৩ শতাংশ।

মানবিক বিভাগের বিষয়গুলোর মধ্যে অর্থনীতিতে পাসের হার ৭৮ দশমিক ১৪ শতাংশ, সমাজবিজ্ঞানে ৭৫ দশমিক ০১ শতাংশ, যুক্তিবিদ্যায় ৭৪ দশমিক ০৮ শতাংশ এবং ইতিহাসে ৭৩ দশমিক ৬১ শতাংশ। পৌরনীতি ও সুশাসনে পাসের হার ৮০ দশমিক ৮৬ শতাংশ। ইসলামি ইতিহাস ও সংস্কৃতিতে পাস করেছে ৮৫ দশমিক ৩৭ শতাংশ পরীক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞানে পাসের হার ৮১ দশমিক ৪৬ শতাংশ, ব্যবসায় সংগঠনে ৮৩ দশমিক ৮৮ শতাংশ এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমায় ৮৯ দশমিক ৯১ শতাংশ।

কিছু বিষয়ে অবশ্য পাসের হার ৯০ শতাংশ ছাড়িয়েছে। মনোবিজ্ঞানে ৯৩ দশমিক ৩৮ শতাংশ, ভূগোলে ৯৪ দশমিক ৬০ শতাংশ, কৃষিশিক্ষায় ৯৫ দশমিক ৮২ শতাংশ, গার্হস্থ্য বিজ্ঞানে ৯৬ দশমিক ৯১ শতাংশ এবং সামাজিক কর্মে ৯৮ দশমিক ৫৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

খাদ্য ও পুষ্টি এবং গার্হস্থ্য ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন বিষয়ে পাসের হার শতভাগ। তবে এ দুটি বিষয়ে পরীক্ষার্থী ছিলেন মাত্র ৯ জন করে।

মুখস্থনির্ভর প্রস্তুতিতে বাধা প্রয়োগনির্ভর প্রশ্ন

ইংরেজিতে কম পাসের পেছনে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের ধরন নিয়েও আলোচনা তৈরি হয়েছে। প্রশ্নপত্র বিশ্লেষণে দেখা গেছে, এবার ইংরেজি দ্বিতীয় পত্রের বড় একটি অংশ ছিল প্রয়োগনির্ভর। শুধু ব্যাকরণের নিয়ম মুখস্থ করে উত্তর দেওয়ার সুযোগ তুলনামূলক কম ছিল। বাক্যের অর্থ বুঝে সঠিক নিয়ম প্রয়োগের দক্ষতা এখানে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

ইংরেজি দ্বিতীয় পত্রে Grammar অংশে ছিল ৬০ নম্বর এবং Composition অংশে ৪০ নম্বর। Grammar-এর ১২টি প্রশ্নে Article, Preposition, Suitable Phrases/Words, Completing Sentences, Right Form of Verbs, Transformation, Narration, Pronoun Reference, Modifiers, Sentence Connectors, Synonym-Antonym ও Punctuation থেকে প্রশ্ন করা হয়।

প্রচলিত Article, Punctuation ও Transformation-এর পাশাপাশি Pronoun Reference, Modifiers, Narration এবং Sentence Connectors-এর মতো অংশেও শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়েছে।

Pronoun Reference অংশে বাক্যের অস্পষ্ট নির্দেশক শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে হয়েছে। Modifiers-এর ক্ষেত্রে বাক্যের অর্থ ও ব্যাকরণগত কাঠামো বুঝে সঠিক স্থানে Modifier বসানোর দক্ষতা প্রয়োজন হয়েছে।

Narration অংশে Reporting Verb, Pronoun, Tense ও বাক্যের গঠন পরিবর্তন করতে হয়েছে। Sentence Connectors-এর ক্ষেত্রে শুধু শব্দের অর্থ জানলেই উত্তর দেওয়া সম্ভব ছিল না। বাক্যের মধ্যে কারণ, ফলাফল, বিরোধ ও সংযোজনের সম্পর্ক বুঝতে হয়েছে।

শিক্ষকদের মতে, এসব প্রশ্নে মুখস্থনির্ভর প্রস্তুতির চেয়ে বাস্তব বাক্যে ব্যাকরণের নিয়ম প্রয়োগের দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফলে নিয়ম মুখস্থ করলেও যারা বাক্যের অর্থ বুঝে তা প্রয়োগ করতে পারেনি, তাদের কাছে প্রশ্নগুলো চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

বিজ্ঞানে এগিয়ে, মানবিকে বড় বিপর্যয়

বিভাগভিত্তিক ফলাফলেও বড় ব্যবধান দেখা গেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ দশমিক ১৪ শতাংশ এবং মানবিক বিভাগে মাত্র ৩৮ দশমিক ৩৬ শতাংশ।

বিজ্ঞান বিভাগের তুলনায় মানবিক বিভাগে পাসের হার ৩৬ দশমিক ০৬ শতাংশ পয়েন্ট কম। তিন বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা।

তবে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের কারণে মানবিক বিভাগের ফল বেশি খারাপ হয়েছে কি না, তা নিশ্চিত হতে বিভাগভিত্তিক ইংরেজির পৃথক ফলাফল প্রয়োজন।

পরিচিত বিষয়েও লেখার দক্ষতায় ঘাটতি

ইংরেজি দ্বিতীয় পত্রের Composition অংশে বিষয় নির্বাচনে অস্বাভাবিক জটিলতা ছিল না। তবে পরিচিত বিষয়েও শিক্ষার্থীদের লেখার দক্ষতা যাচাইয়ের সুযোগ ছিল।

Application Writing-এ কলেজের শ্রেণিকক্ষে Multimedia Facilities স্থাপনের জন্য অধ্যক্ষের কাছে আবেদন, Report Writing-এ বাংলাদেশের তরুণ প্রজন্মের ওপর Facebook-এর প্রভাব, Paragraph Writing-এ A Visit to a Book Fair এবং Composition Writing-এ The Importance of Tree Plantation বিষয়ে লিখতে হয়েছে।

বিষয়গুলো পরিচিত হলেও নির্ধারিত কাঠামো অনুসরণ, প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন, বাক্য গঠন এবং ভাষার শুদ্ধতা বজায় রাখা ছিল গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু বিষয় সম্পর্কে ধারণা থাকলেই ভালো নম্বর পাওয়ার সুযোগ ছিল না। প্রয়োজন ছিল ইংরেজিতে ধারাবাহিকভাবে নিজের বক্তব্য প্রকাশের সক্ষমতা।

তবে শিক্ষার্থীদের উত্তরপত্রে সেই দক্ষতার যথাযথ প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

প্রশ্নপত্রে সম্পাদনাগত অসঙ্গতির অভিযোগ

প্রশ্নপত্র বিশ্লেষণে সম্পাদনাগত অসঙ্গতির অভিযোগও সামনে এসেছে। ইংরেজি দ্বিতীয় পত্রের তৃতীয় প্রশ্নের (g) নম্বর বাক্যে ‘There live a very clever fox’ মুদ্রিত হয়েছে বলে দেখা যায়।

মূল প্রশ্নপত্রেও বাক্যটি এভাবে মুদ্রিত হয়ে থাকলে তা পরীক্ষার্থীদের বিভ্রান্তির কারণ হতে পারে। বাক্যটির গঠন ও ব্যাকরণগত শুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে। তবে এ ধরনের একটি অসঙ্গতি সামগ্রিক ফল বিপর্যয়ে কতটা প্রভাব ফেলেছে, তা নির্দিষ্টভাবে বলার মতো তথ্য নেই।

দুর্যোগ, শিক্ষক সংকট ও ক্লাসে অনীহা

ফল বিপর্যয়ের পেছনে শুধু ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রকে দায়ী করছেন না সংশ্লিষ্টরা। প্রাকৃতিক দুর্যোগ, পরীক্ষার সময়সূচিতে বিঘ্ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে না পারার মতো বিষয়গুলোও সামনে এসেছে।

এবার খাতা মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে ঢালাও নম্বর দেওয়ার সুযোগ কমে এসেছে।

অভিভাবক সাদেক আহমেদ বলেন, তাঁর ছেলে জিপিএ-৫ পেয়েছে। তবে সামগ্রিক ফলাফল দেখে তিনি হতাশ।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষমুখী নয়, তারা বিভিন্ন ডিভাইসে আসক্ত। মোবাইল ফোনে বেশি সময় দেওয়ার কারণে পড়াশোনায় মনোযোগ কমেছে।

খাতা মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, মূল্যায়নের নির্দেশিকা আগেই তৈরি করা হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা যথাযথভাবে খাতা মূল্যায়ন করেছেন। এ কারণেও পাসের হার কমেছে বলে মনে করেন তিনি।

ডিজে

ksrm