মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, পথে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।

নিহতের বৃদ্ধা নূর আয়েশা (৬৫) উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং হাফেজ আহমদের স্ত্রী।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে কেওচিয়া এলাকায় পৌঁছালে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এএইচ

ksrm