চট্টগ্রামের কর্ণফুলীতে এক পরিবার রাতের আঁধারে চুরির শিকার হয়েছে। ঘটনার রাতে বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের গার্মেন্টসকর্মী ইসমাইলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তখন মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে আয়োজনের জন্য ব্যস্ত ছিলেন।
পরিবারের সদস্যরা রাত দুইটায় বাড়িতে ফেরার পর তালা ভাঙা অবস্থায় বাড়ি দেখতে পান। ভুক্তভোগী ইসমাইল জানান, ‘মেয়ের বিয়ের খরচের জন্য রাখা টাকা ও স্বর্ণালংকার লুট হয়ে গেছে। আনন্দের মুহূর্ত একেবারে দুঃখে পরিণত হয়েছে।’
স্থানীয়রা জানান, এর আগে গত বছরের ১১ অক্টোবরও কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ উঠেছিল। রাত দেড়টার দিকে বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে একই ধরনের ঘটনা ঘটে।
ওই রাতে আরিফুল ইসলামের বিয়েবাড়িতে ১২–১৩ জনের একটি দল নোহা মাইক্রোবাসে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তাদের মধ্যে পাঁচজন বাড়ির বাইরে অবস্থান নেয় এবং আটজন ভেতরে প্রবেশ করে।
তল্লাশির নাম করে সকলকে অস্ত্রের মুখে আলাদা কক্ষে আটকে রাখা হয়। পরে তারা ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা এবং দুটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। ধাওয়া করলে অস্ত্রের ভয় দেখিয়ে তারা নিরাপদে সরে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জেজে/ডিজে




