মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ: আল্লাহর নৈকট্য লাভের আটটি গোপন পথ

মানুষের জীবনে কিছু গুনাহ আছে, যা ছোট মনে হলেও আখিরাতে ভয়ঙ্কর ফলাফল ডেকে আনতে পারে। একইভাবে কিছু পবিত্র অবস্থাও আছে, যা বান্দাকে মৃত্যুর মুহূর্তেই জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত করে। হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনটি বিষয়—অহংকার, গনীমাতের সম্পদ আত্মসাৎ এবং ঋণ—থেকে মুক্ত অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে।

হাদিসে উল্লেখিত তিনটি বিষয় মানবজীবনের গুরুত্বপূর্ণ দিককে প্রতিফলিত করে। অহংকার নষ্ট করে আত্মিক ও নৈতিক গুণাবলি, গনীমাত আত্মসাৎ সততা ও সমাজিক বিশ্বাসযোগ্যতা এবং ঋণ মানবিক সম্পর্ক ও জবাবদিহিতাকে প্রভাবিত করে। এই তিনটি দিক সঠিক থাকলে মানব জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং মৃত্যু হলে সে জান্নাতের দরজার কাছাকাছি অবস্থায় পৌঁছে যায়।

প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অর্থ হলো কেবল মুখে আল্লাহ ভালোবাসি বলা নয়, বরং কাজ, আচরণ, চিন্তা ও বিশ্বাসের মাধ্যমে সেই প্রমাণ দেখানো। কোরআন-হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে উত্তম আচরণ, মানবকল্যাণে নিয়োজিত থেকে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায়। বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা, সহনশীলতার পরিচয় দেওয়া, পাপাচারে লিপ্ত হলে দ্রুত তওবা ও ইস্তেগফার করা, চোখ ও লজ্জাস্থানের হেফাজত করা, পরনিন্দা ও ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকা, মানুষের প্রতি মন্দ ধারণা ত্যাগ করা, জীবনের সব পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং প্রকাশ্য ও গোপনীয় সব ধরনের পাপের কাজ আল্লাহর ভয়কে সামনে রেখে পরিত্যাগ করা—এসব গুণাবলী মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে।

মুমিনদের জন্য বিশেষভাবে কিছু বিধান রয়েছে, যা সংরক্ষণে মহানবী (সা.) বারবার তাগিদ দিয়েছেন। এগুলো রক্ষা করলে জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং মৃত্যুর মুহূর্তে জান্নাতের সুসংবাদ পাওয়া সম্ভব।

১. ঈমান

ঈমান রক্ষা করা হলো মুমিনের প্রথম দায়িত্ব। এতে অন্তরে দৃঢ় বিশ্বাস থাকা, ঈমানবিরোধী কাজ এড়িয়ে চলা এবং পার্থিব জীবনে ধার্মিক জীবন যাপন অন্তর্ভুক্ত। ঈমানের মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি আনুগত্য ও ভরসা স্থাপন করে। আল্লাহ তাআলা বলেন, “যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাঁর প্রতি দৃঢ় থাকে, আমি তাদের দয়া ও অনুগ্রহে অন্তর্ভুক্ত করব এবং সরলপথে পরিচালিত করব।” (সুরা নিসা, আয়াত ১৭৫)

ঈমান শুধু কেবল বিশ্বাস নয়, বরং এর সঠিক প্রয়োগ হলো দৈনন্দিন জীবনে আল্লাহর নির্দেশ মেনে চলা, নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করা এবং অন্তরে সব সময় আল্লাহর ভয় ও ভালোবাসা ধারণ করা।

২. নামাজ

ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। পবিত্র কোরআনে অসংখ্য স্থানে আল্লাহ নামাজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এবং রাসুলুল্লাহ (সা.) জীবনশেষ মুহূর্ত পর্যন্ত নামাজ রক্ষা করার গুরুত্ব জোর দিয়েছেন। নামাজের অর্থ হলো যথাসময়ে, যথানিয়মে, একাগ্রচিত্তে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করা।

আল্লাহ বলেন, “তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং বিশেষত মধ্যবর্তী নামাজের।” (সুরা বাকারা, আয়াত ২৩৮) নামাজ মানুষের মন, আত্মা ও দৈহিক আচরণকে সংযমিত করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে।

৩. পবিত্রতা

পবিত্রতা হলো মুমিনজীবনের সৌন্দর্য। একজন মুমিন সবসময় দেহ ও মন দুইপাশ থেকে পবিত্র থাকার চেষ্টা করবে। অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করা, অন্তরে পবিত্র চিন্তা ধারণ করা এবং দেহ ও মনকে নৈতিকভাবে ঠিক রাখা মুমিনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “প্রকৃত মুমিন ছাড়া কেউই অজুর প্রতি যত্নবান হয় না।”

৪. মাথা ও পেটের হেফাজত

মাথা সংরক্ষণের অর্থ হলো সুচিন্তা করা, ভালো ও পুণ্যের কাজে বিবেক ও মেধা ব্যবহার করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা। পেট সংরক্ষণের অর্থ হলো হারাম উপার্জন ও খাবার-পানীয় থেকে বিরত থাকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহকে যথাযথ লজ্জা প্রদর্শন করা মানে হলো মাথা ও তা ধারণকারী জ্ঞান হেফাজত করা এবং পেট ও তাতে প্রবেশ করা সংরক্ষণ করা।”

৫. লজ্জাস্থানের হেফাজত

লজ্জাস্থানের হেফাজত মানে হলো হারাম উপায়ে জৈবিক চাহিদা পূরণ না করা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী বৈধ উপায়ে তা পূরণ করা। আল্লাহ বলেন, “মুমিনরা তাদের চোখ অবনত রাখবে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে।” (সুরা নূর, আয়াত ৩০)

৬. আল্লাহর ভয় (তাকওয়া)

আল্লাহর ভয় একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। জনে ও নির্জনে অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকা ঈমানের অংশ। আল্লাহর ভয় মানুষকে দুনিয়ার সব অন্যায়, অবিচার ও জুলুম থেকে দূরে রাখতে পারে। কোরআনে ইরশাদ হয়েছে, “হে মুমিনগণ! অন্তরে আল্লাহকে সেইভাবে ভয় করো, যেভাবে তাঁকে ভয় করা উচিত। সাবধান, অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না আসে, বরং মুসলিম অবস্থায় মৃত্যু হোক।” (সুরা আলে ইমরান, আয়াত ১০২)

৭. ইনসাফ

মুমিনের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো সব অবস্থায় ন্যায়পরায়ণতা ও ইনসাফ। আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফ, দয়া ও আত্মীয়-স্বজনকে তাদের হক প্রদান করতে বলেন। অন্যায়, অশ্লীলতা ও জুলুম থেকে বিরত থাকো।” (সুরা নাহল, আয়াত ৯০)

৮. আল্লাহর প্রশংসা

সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা ইবাদতের অংশ। নবী ও আল্লাহপ্রেমীরা সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও ধৈর্যশীল থাকতেন। তাদের অন্তর নমনীয় ও বিনয়ী হয় এবং তারা মানুষদের সঙ্গে ন্যায়পরায়ণ ও সহমর্মিতা প্রদর্শন করেন।

আল্লাহর প্রিয় বান্দা হওয়া মানে কেবল মুখে ভালোবাসি বলা নয়, বরং কাজ, আচরণ, চিন্তা ও বিশ্বাসের মাধ্যমে তা প্রমাণ করা। ইসলামী স্কলাররা বলেন, আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ায় নম্র, বিনয়ী ও নিরহংকারী হয়ে চলাফেরা করেন। তারা হীনমন্যতা বা দুর্বলতায় প্রভাবিত হন না। সততা, তাকওয়া, তাওবা, ধৈর্য, ন্যায়পরায়ণতা, মানুষের উপকার, পবিত্রতা, বিনয় এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা—এসব গুণাবলী অর্জন করা মুমিনকে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে সাহায্য করে।

লেখক: ইসলামি গবেষক ও কলামিস্ট

ksrm