চট্টগ্রাম মিরসরাই প্রেসক্লাবে নতুন মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া, আর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক হয়েছেন এম মাঈন উদ্দিন।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ার একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে জাগো নিউজের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন সাধারণ সম্পাদক এবং আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দৈনিক পূর্বকণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া।
সভায় বিদায়ী সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। অডিট প্রতিবেদন উপস্থাপন করেন অডিট কমিটির প্রধান এম আনোয়ার হোসেন। পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন প্রেসক্লাবের সদস্যরা।
নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সাংবাদিকদের দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি জাতির যেকোনো ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মিরসরাই প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এএইচ




