চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে ৯টি করে মামলা রয়েছে।
অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তলের সঙ্গে ৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়।
শনিবার (১ আগস্ট) মধ্যরাত আড়াইটায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন—হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে রহিম উল্লাহ রনি (৩৫)।
পুলিশ জানায়, দুইজনকে আটক করার পর বোরহান উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, দুটি কাঠের ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং দুই বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়।
রোববার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার বোরহান উদ্দিন ও রহিম উল্লাহ রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি করে মোট ১৮টি বিচারাধীন মামলা রয়েছে। অস্ত্র ও মাদকের উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ




