চট্টগ্রামের মিসরাইয়ে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের সজোরে ধাক্কায় কেবিনে আটকা পড়ে ট্রাকের এক সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ অপর এক সহকারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন (২০) ধাক্কা দেওয়া ট্রাকটির সহকারী ছিলেন। আহতরা হলেন—ট্রাকচালক মানিক (৩৫) ও অপর সহকারী বিল্লাল (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও দুই সহকারী কেবিনে আটকা পড়েন। ঘটনাস্থলেই মারা যান মিলন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস জানান, হাইওয়ে পুলিশের সহায়তায় কেবিনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। আহতদের প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মিলনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ




