চট্টগ্রামের মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে পেটে রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুফিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসিফ (৯) স্থানীয় বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজন আহমেদ রাকিব জানান, বিকেলে বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পা পিছলে যায় ওয়াসিফের। এ সময় ছাদের কলামের বেরিয়ে থাকা রডের ওপর পড়ে গেলে সেটি তার পেটের ভেতরে ঢুকে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় আনা হলে ইসিজিতে কোনো হার্টবিট পাওয়া যায়নি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অপরদিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাফায়েত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢোকার আলামত পাওয়া গেছে।
নিহত ওয়াসিফের বাবা মুসলিম উদ্দিন একটি ফিশিং কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ওয়াসিফ ছিল সবার বড়। মঙ্গলবার রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এএইচ




