মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ের আগুনে পুড়ে ছাই হয়েছে তিন ভাইয়ের বসতঘর। নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবসহ সব হারিয়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন—পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথ। তারা সম্পর্কে আপন ভাই। আগুনে পাশের দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই তিন ভাইয়ের বসতঘর ও ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী জানান, তাদের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। আগুনে বসতঘর পুড়ে যেতে দেখে তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, রাস্তা ভাঙা ও সরু হওয়া এবং ইন্টারনেটের তার থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ

ksrm