মিরপুরে হকারদের হামলায় দুই সাংবাদিক আহত, সিইউজের প্রতিবাদ

ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও পুলিশের সংঘর্ষের মধ্যে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের স্টাফ প্রতিবেদক মেহেদী হাসান কামরুল ও ক্যামেরাপার্সন সিফাত শাহরিয়ার। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনার পর সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, কোনোভাবেই হামলা, ভয়ভীতি বা সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না।

সিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সব দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আহত সাংবাদিক মেহেদী হাসান কামরুল ও ক্যামেরাপার্সন সিফাত শাহরিয়ারের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

মেহেদী হাসান কামরুল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সপ্তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যও।

তথ্যমতে, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় হকারদের হামলায় সময় টেলিভিশনের ওই দুই সাংবাদিক আহত হন।

ksrm