মিয়ানমার সীমান্তে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিরোধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটি।
মঙ্গলবার (৭ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী, মহাসচিব আলহাজ্ব শাহ মোহাম্মদ জাকির হোসেন সোবহানী, নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতারা।
সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা মুহাম্মদ মহীউদ্দীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকিও বেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এ পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শক্ত অবস্থান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সশস্ত্র বাহিনীর দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। একই সঙ্গে দেশের রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



