মিয়ানমার থেকে সাগরপথে চট্টগ্রামে ঢুকছে ইয়াবা, সাড়ে ৫ কোটির চালানসহ আটক পাঁচ

মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা ঢুকছে চট্টগ্রামে। এরপর বিভিন্ন হাতবদল হয়ে ছড়িয়ে পড়ছে নগরসহ উপজেলার আনাচে-কানাচে। তেমনই একটি বড় চালান আটক করেছে র‍্যাব। একইসঙ্গে আটক করা হয়েছে পাঁচ মাদক কারবারিকেও। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটের সামনে কর্ণফুলী নদীর পাড় থেকে ইয়াবাগুলো আটক করা হয়। এ সময় বাল্কহেড তল্লাশি করে প্রায় ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করে র‍্যাব-৭ এর একটি দল।

এ ঘটনায় আটকরা হলেন—পূর্ব বাকলিয়ার আলী জোহারের ছেলে মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আব্দুল মান্নান ওরফে বাচন মিয়ার ছেলে মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভাঙ্গারা এলাকার মৃত কানু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫), একই উপজেলার করুশখুল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৪৭) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর কলাকুপা এলাকার মাহে আলমের ছেলে মো. রুবেল (২৭)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সমুদ্রপথে মিয়ানমার থেকে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ মাদক আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই বাল্কহেডের পিছু নেয়।

একপর্যায়ে বাল্কহেডটি পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করলে সেখান থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বাল্কহেডে দুটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

এএইচ/ডিজে

ksrm