মিয়ানমার থেকে গুলিতে আহত হুজাইফা মারা গেল ২৭ দিন পর

২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হার মানলো টেকনাফের হুজাইফা আফনান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয় ১২ বছরের শিশু হুজাইফা।

হুজাইফার চাচা শওকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হুজাইফা স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। প্রথমে গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একইদিন সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

দুইদিন পর ১৩ জানুয়ারি বিকেলে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি তার। শনিবার সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেন।

আইএমই/ডিজে

ksrm