মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান শুরু করে জোরারগঞ্জ থানা-পুলিশ। পরে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
এরপর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৬২ নম্বরের দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। সার পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ




