চট্টগ্রামের হালিশহরে ভোররাতে মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পাচারকারীকে আটক ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
এর আগে বুধবার ভোরে হালিশহরের দবিরখাল এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরকালে এসব সার উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় বুধবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরের প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার ২২০ বস্তা (১১ হাজার কেজি) সার ও পাচারকাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ৩ পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
চোরাচালান রোধে কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
ডিজে




